স্টাফ রিপোর্টার :
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চাঁদপুরের একটি ইউনিটের উদ্যোগে এক অসহায় একব্যক্তি ভ্যান গাড়ি উপহার পেয়েছেন। ভ্যানটি কর্মসংস্থানের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডী ইউনিয়ন শাখার উদ্যেঅগে প্রদান করা হয়।
বুধবার (৩ জুন) বিকেলে ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীর হাতে ভ্যানটি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষের জীবনমান উন্নয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় কাজ করে যাচ্ছে। দান-সদকার পাশাপাশি স্বাবলম্বী করার লক্ষ্যে এমন কর্মসংস্থানমূলক সহায়তা মানুষের জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, একটি ভ্যান শুধু একটি যানবাহন নয়, বরং একটি পরিবারের জীবিকা নির্বাহের মাধ্যম। এই সহায়তার মাধ্যমে উপকারভোগী ব্যক্তি নিয়মিত আয় করে নিজের পরিবারকে সচ্ছলতার পথে এগিয়ে নিতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
ভ্যান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডী ইউনিয়ন শাখার সভাপতি মো. মারুফ সরদার, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস খান, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি. এম. আহসান হাবিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডী ইউনিয়ন শাখার সভাপতি মো. মারুফ চোকদার, সেক্রেটারি মো. ফজলে রাব্বি, মো. শরীফ ছৈয়ালসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগী ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এ মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগ সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে এবং একটি মানবিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।


