শাহারাস্তি প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে মুনতাসির শাহাদাত নামে ১৭ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (জুন ১)সকালে শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের দিঘীর পূর্ব পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাসির শাহাদাত ওই গ্রামের বাসিন্দা মঞ্জুর হোসেন ও রুমা আক্তার দম্পতির সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু মুনতাসির। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের একটি ছোট পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর পুকুরের পানি থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পুকুর থেকে উদ্ধারের পর স্বজনরা দ্রুত তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু মুনতাসিরকে মৃত ঘোষণা করেন।
এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহত শিশুর পরিবার ও স্বজনদের মাঝে কোলাহল ভেঙে পড়েছে এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


