ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ফরিদগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের কথিত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এলাকাবাসী। এসময় প্রতিবাদকারীরা লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগও উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মাদকবিরোধী অবস্থান নিয়ে ঝাঁড়ু মিছিল বের করেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, মদনের গাঁও গ্রামের উত্তর বরকন্দাজ বাড়ির আলমগীর, মাহবুব ও রুবি বেগম নামে কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, তাদের কর্মকাণ্ডে স্থানীয় পরিবেশ দিন দিন অস্থির হয়ে উঠছে। কেউ এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এমনকি মারধরেরও শিকার হতে হয়।

স্থানীয় বাসিন্দা শাহ আলম, শাহাজান তপদার ও আতিকুর রহমান বলেন, সম্প্রতি এলাকাবাসী মাদকের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানালে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মধ্যে হোসনেআরা, মনোয়ারা সহ অনেকে বলেন, ইয়াবাসহ হাতে-নাতে ধরা পড়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং যারা অভিযোগ করেছেন, তাদেরই বিভিন্নভাবে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে।

এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসার কারণে এলাকার সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, “মাহবুব, আলমগীর ও রুবি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ শুনে আসছি। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুবি বেগম বলেন, “আমার স্বামী ব্যবসা করতে পারে, কিন্তু আমি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নই। আমাদের সঙ্গে শত্রুতার জের ধরে এসব অভিযোগ করা হচ্ছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আল আমিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।