মতলব প্রতিনিধি:
বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে এবং বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনি, এরাই কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মীর খুনি। এরাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীদের খুনি।” তিনি আরও যোগ করেন, এই চক্রটিই সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা, শাপলা চত্বরে আলেম-ওলামা হত্যা এবং পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বর্তমান সংসদ সদস্যদের সমালোচনা করে বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে এখন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেলিপনা জনগণ কখনো মেনে নিবে না।” নির্বাচিত প্রতিনিধিরা অল্প দিনেই জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার এবং উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নাসিরুদ্দীন পাটওয়ারীর এই অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


