ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হঠাৎ শুরু হওয়া বৃষ্টি ও বজ্রপাতে মো. নবী হোসেন মিজি (২৭) নামে এক দিনমজুর যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) আনুমানিক পৌনে ১২টার দিকে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নবী হোসেন মিজি সাইসাঙ্গা গ্রামের নোয়া বাড়ির মনির হোসেন মিজির ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। মাত্র ৩ মাস বয়সী ফারজানা নামে তার একটি কন্যাসন্তান রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের কিছু সময় আগে ফরিদগঞ্জ এলাকায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং তীব্র বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় নবী হোসেন মিজি পার্শ্ববর্তী ভোটাল গ্রাম থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। নিজ বাড়ির কাছাকাছি এসে একটি ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ তার ওপর বজ্রপাত হয়। এতে তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় একটি থমথমে ও শোকাবহ অবস্থা বিরাজ করছে।


