আরিফিন শুভ ও মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুবর্ণ সুযোগ

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন পর ঈদে মুক্তি পাওয়া ঢালিউড তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ সিনেমাটি প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলেছে। সাইফ চন্দনের পরিচালনায় এই অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমায় শুভ ও মিমের অনবদ্য রসায়ন লুফে নিয়েছেন সিনেমাপ্রেমীরা। এবার দর্শকদের জন্য এলো এক দারুণ সুখবর। প্রিয় এই তারকা জুটির সঙ্গে বসেই প্রেক্ষাগৃহে ‘মালিক’ দেখার সুবর্ণ সুযোগ পাবেন ভাগ্যবান ১০ জন দর্শক।

‘মালিক’ সিনেমার জনপ্রিয় আইটেম গান ‘গুলগুলি পিঠা’ নিয়ে একটি বিশেষ ক্যাম্পেইন বা চ্যালেঞ্জ শুরু করেছেন সিনেমাটির নির্মাণ সংশ্লিষ্টরা। এই প্রতিযোগিতায় অংশ নিতে দর্শকদের গানটি ব্যবহার করে টিকটক (TikTok) অথবা ফেসবুক রিলস (Facebook Reels) তৈরি করতে হবে। ভিডিওগুলোতে নাচ, অভিনয় কিংবা যেকোনো ধরনের সৃজনশীল প্রতিভা প্রদর্শন করা যাবে।

এই চ্যালেঞ্জে অংশ নেওয়ার শেষ সময় আগামীকাল সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত। জমা পড়া কনটেন্টের মান এবং ভিউ (ভিজিটর সংখ্যা) বিবেচনা করে সেরা ১০ জন বিজয়ীকে নির্বাচন করা হবে।

নির্বাচিত ১০ জন ভাগ্যবান বিজয়ী ‘মালিক’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে (Special Screening) আমন্ত্রণ পাবেন। সেখানে তারা আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিমসহ সিনেমার অন্যান্য কলাকুশলীদের সঙ্গে একই সাথে বসে সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

গত শনিবার (৬ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবরটি জানান অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি লিখেন, “‘মালিক’ সিনেমাটির প্রতি আপনাদের অসাধারণ ভালোবাসা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। সেই আনন্দকে আরও বিশেষ করে তুলতে এই ‘গুলগুলি পিঠা’ চ্যালেঞ্জ। আমি অপেক্ষায় থাকব আপনাদের দারুণ সব ভিডিও দেখার জন্য।

‘মালিক’ সিনেমায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু, খলঅভিনেতা মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু এবং আরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।