নেটদুনিয়ায় ঝড় তুলল ‘ককটেল ২’, তারকাদের পারিশ্রমিক নিয়ে তুমুল চর্চা

বিনোদন ডেস্ক:

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল ২’-এর অফিশিয়াল ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ২০১২ সালের ব্লকবাস্টার ‘ককটেল’ সিনেমার এই সিক্যুয়েলে এবার সম্পূর্ণ নতুন তারকা বহর নিয়ে হাজির হয়েছেন পরিচালক হোমি আদাজানিয়া। তবে ট্রেলারের ঝলক প্রকাশের পর থেকে সিনেমার গল্পে ‘সমকামী প্রেমের’ এক প্রচ্ছন্ন ইঙ্গিত নিয়ে দর্শকমনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সেই সঙ্গে নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এসেছে সিনেমাটির প্রধান তারকাদের আকাশচুম্বী পারিশ্রমিকের বিষয়টিও।

ট্রেলার থেকে জানা যায়, সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে আধুনিক যুগের এক জটিল ত্রিকোণ প্রেমের প্রেক্ষাপটকে কেন্দ্র করে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শহীদ কাপুর, অভিনেত্রী কৃতি শ্যানন এবং দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা।

গল্পে শহীদের সাথে দুই অভিনেত্রীর সম্পর্কের রসায়ন এবং তিনজনের গভীর ঘনিষ্ঠতা ও আবেগঘন দৃশ্যগুলো ট্রেলারে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্যেই একটি দৃশ্যে কৃতি শ্যাননকে মজার ছলে ‘থ্রিসাম’ শব্দবন্ধটি ব্যবহার করতে শোনা যায়, যা জেন-জি (Gen-Z) প্রজন্মের দর্শকদের মাঝে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে।

ট্রেলারের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অংশটি হলো কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানার চরিত্র দুটির মধ্যকার রসায়ন। নেটিজেনদের একটি বড় অংশের ধারণা, সিনেমায় এই দুই তারকাকে সমকামী যুগল হিসেবে দেখা যেতে পারে।