চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাদিয়া মাহবুবুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ সোমবার (৮ জুন) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এই বরণ অনুষ্ঠান ও কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম পোদ্দার নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষক প্রতিনিধি এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ নব-নির্বাচিত সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে আয়োজিত প্রথম সভায় নব-নির্বাচিত সভাপতি মো. আক্তার হোসেন চৌধুরী শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের আদর্শ শিক্ষায় ও গুণগত মানসম্মত শিক্ষা দিয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তবেই এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকবে।
সভায় তিনি চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের বিশেষ নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমাদের সংসদ সদস্য মহোদয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষার্থী স্কুলে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না। একই সাথে কোনো শিক্ষকও শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।” তিনি আরও যোগ করেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ দিতে হবে, যাতে তাদের মানসিক বিকাশ সতেজ থাকে।
বিদ্যালয় পরিচালনা কমিটির এই প্রথম সভায় আরও উপস্থিত ছিলেন— নব-নির্বাচিত কমিটির অভিভাবক সদস্য গাজী মোহাম্মদ ফিরোজ, শিক্ষক প্রতিনিধি ফরিদা ইয়াসমিন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য কাজী মোহাম্মদ শাহাব উদ্দিন, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে সভাপতি উপস্থিত সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


