২১ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :

২১ বছর আগে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের ব্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছিল বাংলাদেশ। সেদিন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেনদের অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছিল, অসম্ভব বলেও কিছু নেই।

কিন্তু সেই স্মৃতিটাই যেন বছরের পর বছর একমাত্র সান্ত্বনা হয়ে ছিল। এর বাইরে খেলা ২১ ম্যাচে যতবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ, ততবারই দেখা গেছে শক্তির পার্থক্য। নাহিদ রানা-মোসাদ্দেকরা দেখিয়েছেন আত্মবিশ্বাস, সাহস আর আধিপত্যের এক নতুন রূপ। যেন ২১ বছরের আগ্রাসনের জবাব আগ্রাসনেই দিল লাল-সবুজরা।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং; তিন বিভাগেই অস্ট্রেলিয়াকে ছাপিয়ে ৮৬ রানের দুর্দান্ত জয় তুলে নিল বাংলাদেশ। এই জয়ে কার্ডিফের রূপকথাই যেন ফিরে এল মিরপুরে। শক্তির বিচারে অস্ট্রেলিয়ার এই দল কিছুটা খর্বশক্তির হলেও মোটেও সহজ প্রতিপক্ষ নয়।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সাহসী ব্যাটিং করেন স্বাগতিক ব্যাটাররা। মোসাদ্দেক হোসেন, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে ২৮৪ রান তোলে বাংলাদেশ। জবাবে নাহিদ রানা-মোসাদ্দেক-মোস্তাফিজদের তোপের মুখে ১৯১ রানেই থমকে যায় অজিদের ইনিংস।

তাতেই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮৬ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ।