স্টাফ রিপোর্টার
৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের এক ক্রান্তিকালে সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এই দিনের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন, এই দিন আমাদের শিক্ষা দেয়—জাতীয় সংকট মোকাবিলায় ঐক্য, দেশপ্রেম ও জনগণের সম্মিলিত শক্তির কোনো বিকল্প নেই। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের এই চেতনাকে ধারণ করতে হবে। আমাদের অঙ্গীকার হোক, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা। বিভেদ নয়, ঐক্য; প্রতিহিংসা নয়, সম্প্রীতি; অপশাসন নয়, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠাই হোক আমাদের লক্ষ্য। ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হোক বাংলাদেশ।
কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকাসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি যুবদলের সভাপতি/সম্পাদকরা।
খেলায় অংশগ্রহণ করেন পুরান বাজারের লোহারপুল একাদশ বনাম ডাকঘর একাদশ।


