সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং মেলা অনুষ্ঠিত

মতলব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিগত ধারণা এবং উদ্যোক্তা উদ্যোগ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, “মতলব-গজারিয়া সেতুর কাজ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতার পথে এগিয়ে যাচ্ছে। আগামী মাসের মধ্যেই এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি মতলবে ফোর লেন সড়ক নির্মাণ করা হবে, যা ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন শেষে বলেন, “আজকের প্রদর্শনীতে শিক্ষার্থীদের যে সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন দেখেছি, তা সত্যিই প্রশংসার দাবিদার। মানুষের কল্যাণে নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বর্তমান প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মূল চালিকাশক্তি।”

তিনি আরও বলেন, “শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। আজকের এই আয়োজন থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক, উদ্ভাবক ও সফল উদ্যোক্তারা তৈরি হবে।”

বক্তব্যের একপর্যায়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তারা সাবধান হয়ে যান। মাদকের বিরুদ্ধে কোনো আপস হবে না। মতলব উত্তর ও মতলব দক্ষিণকে মাদকমুক্ত করাই আমাদের অঙ্গীকার।”

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।

মেলায় উপজেলার ১০টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। উদ্বোধনের পর প্রধান অতিথিসহ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও স্টার্টআপ ধারণার ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল আহমেদ পাটোয়ারী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্যোক্তা চেতনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।