মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণের অগ্রগতির খবরে শাহরাস্তিতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

শাহরাস্তি প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণের অগ্রগতির খবরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় সম্মতিতে কলেজটি সরকারিকরণের প্রজ্ঞাপন জারির অগ্রগতির সংবাদে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে মেহের ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত আনন্দ র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা কলেজ সরকারিকরণের দাবির বাস্তবায়ন ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটওয়ারী, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদার এবং ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুপ রুপন পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণ বাস্তবায়িত হলে এ অঞ্চলের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। শিক্ষার্থীরা উন্নত শিক্ষা সুবিধা, আধুনিক অবকাঠামো ও সরকারি সুযোগ-সুবিধা লাভ করবে। পাশাপাশি এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নেও কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ দাবির বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। সরকারিকরণের দ্বারপ্রান্তে পৌঁছে মেহের ডিগ্রি কলেজকে ঘিরে শাহরাস্তিবাসীর স্বপ্ন ও প্রত্যাশা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

আনন্দ র‍্যালি শেষে কলেজ সরকারিকরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সকলের জন্য দোয়া ও শুভকামনা কামনা করা হয়।