স্টাফ রির্পোটার:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী গ্রামের আব্দুল মান্নান পাটোয়ারী হত্যা মামলার প্রধান আসামি মো. সুমন পাটোয়ারীকে গ্রেপ্তারের পর দলীয় পদ থেকে বহিষ্কার করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। আজ মঙ্গলবার (১৬ জুন) জেলা ছাত্রদলের এক সাংগঠনিক সিদ্ধান্তে তাকে বহিষ্কারের এই ঘোষণা দেওয়া হয়।
বহিষ্কৃত সুমন পাটোয়ারী মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তিগত বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকে সুমন পাটোয়ারী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গত রোববার (১৪ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মতলব দক্ষিণ থানা পুলিশ রাজধানী ঢাকার ঝিগাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরদিন সোমবার (১৫ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়।
সুমন পাটোয়ারী গ্রেপ্তার হওয়ার পরপরই নড়েচড়ে বসে দলীয় হাইকমান্ড। জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মীদের তার সঙ্গে সকল ধরনের দলীয় যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে এই হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ মে দক্ষিণ দিঘলদী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন ৬৫ বছর বয়সী বৃদ্ধ আব্দুল মান্নান পাটোয়ারী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১ জুন তিনি মারা যান। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল, যার প্রধান আসামি ছিলেন এই ছাত্রদল নেতা।


