স্টাফ রির্পোটার:
চাঁদপুরের শাহরাস্তিতে একটি খাল থেকে অজ্ঞাতনামা এক ফুটফুটে নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের পাড়ানগর মিজিবাড়ি এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। প্লাস্টিকের ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে পাড়ানগর মিজিবাড়ি এলাকার বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী শাহনারা বেগম (৬৫) এবং তার পুত্রবধূ শিরিনা বেগম (২৮) বাড়ির পূর্ব পাশে নিজেদের ফসলি জমিতে কাজ করছিলেন। এ সময় তারা পাশের খালের পানিতে একটি প্লাস্টিকের ব্যাগ ভাসতে দেখেন। কৌতুহলবশত ব্যাগটি পানি থেকে তুলে খোলার পর ভেতরে আনুমানিক ৪ থেকে ৫ দিন বয়সী এক নবজাতকের মরদেহ দেখতে পান। মুহূর্তের মধ্যে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে খালের পাড়ে উৎসুক জনতার ভিড় জমে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এই বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, উদ্ধার হওয়া নবজাতকটি একটি ছেলে শিশু। ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স আনুমানিক ৪ থেকে ৫ দিন। তবে এখন পর্যন্ত শিশুটির কোনো পরিচয় বা তার বাবা-মায়ের সন্ধান শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং বিস্তারিত তথ্য জানা যাবে। এই ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।


