মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

স্টাফ রির্পোটার:

‘বিশ্ব মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যেসব এলাকায় মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে সন্দেহ রয়েছে, সেখানে ডোপ টেস্ট কার্যক্রম চালু করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মডেল পয়েন্ট বা মডেল ইউনিয়ন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, মাদকাসক্তির সূচনা অনেক ক্ষেত্রেই ধূমপানের মাধ্যমে হয়। কোনো বাবা-মাই চান না তাঁর সন্তান ধূমপান করুক, কিন্তু অনেক সময় বিষয়টিকে হালকাভাবে দেখা হয়। ধূমপান একজন মানুষকে ধীরে ধীরে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে খারাপ সঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঠেলে দিতে পারে। তাই ধূমপানকে কখনোই তুচ্ছ করে দেখার সুযোগ নেই। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে সিগারেট ও তামাকজাত পণ্যের দোকান নিয়ন্ত্রণে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি জানান।

জেলা প্রশাসক আরও বলেন, শুধু শাস্তি দিয়ে মাদক সমস্যার সমাধান সম্ভব নয়। পরিবার, সমাজ, রাষ্ট্র এবং রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানসহ সকলের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন ও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি. এম. শাহীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শফিউদ্দিন এবং নবরূপ নাট্য সংগঠনের উপদেষ্টা পি. এম. বিল্লাল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।