মেঘনায় বাদাম বিক্রেতা নিখোঁজ

স্টাফ রিপোর্টার, চাঁদপুর:

 

চাঁদপুরের মেঘনা নদীতে গোসল করতে নেমে  জহিরুল ইসলাম নামে এক বাদাম বিক্রেতা নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ জহিরুল ইসলামের (৩০) বাড়ি বরিশাল জেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে চাঁদপুর শহরের বড় স্টেশন মেঘনার তীরে ভাড়াবাসায় থাকতেন। জহির কখনো অটোরিকশা চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মোসলেম মিয়াজী বলেন, চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিলেন এক দম্পতি। তীব্র স্রোতে স্ত্রীর চোখের সামনে পানিতে তলিয়ে যায় স্বামী। ‘সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।