স্টাফ রির্পোটার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদকবিরোধী প্রীতি মিনি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) রায়েরকান্দি কোল্ড মাঠে রায়েরকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রায়েরকান্দি স্পোর্টিং ক্লাব।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রিপন সরকার। বাগানবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা জুলহাস বেপারী এবং সাবেক ইউপি সদস্য মিলন মোল্লা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রবাসী শফিকুল ইসলাম ও মো. শামিম আহমেদ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক বর্তমানে একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের পাশাপাশি তরুণদেরও সচেতন হতে হবে। তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানান তারা।
ফাইনাল খেলায় টসে জিতে ছেংগারচর স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। জবাবে রায়েরকান্দি স্পোর্টিং ক্লাব মাত্র ৮ ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের খেলাধুলামুখী করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে।


