স্টাফ রির্পোটার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দিবালোকে রাস্তার পাশে বাঁধা একটি বাছুর প্রাইভেটকারে তুলে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগ উঠেছে। তবে এক অটোরিকশাচালকের সাহসিকতা ও স্থানীয়দের তৎপরতায় চুরির চেষ্টা ব্যর্থ হয়। এ সময় জনতা দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। একই সঙ্গে প্রাইভেটকার থেকে জীবিত উদ্ধার করা হয় বাছুরটি।
রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওলাদ ঢালীর একটি গরু ও তার বাছুর রাস্তার পাশে বাঁধা ছিল। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে এসে কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা বেলাল ও বিল্লাল নামে দুই যুবক জোরপূর্বক বাছুরটিকে গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি দেখতে পান অটোরিকশাচালক হাবিবুল্লাহ। তিনি বাধা দিলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে স্থানীয়রা জানান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই যুবককে আটক করেন। উত্তেজিত জনতা তাদের মারধর করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
বাছুরটির মালিক আমান উল্ল্যা বলেন, “আমার বাঁধা বাছুরটি প্রাইভেটকারে তুলে নিয়ে যাচ্ছিল। এলাকাবাসী এগিয়ে না এলে হয়তো আর ফিরে পেতাম না। যারা উদ্ধার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে আটক দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। গাড়ি থেকে জীবিত অবস্থায় বাছুরটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়।
মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


