হাইমচরে অসহায়দের মাঝে নগদ সহায়তা

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের ত্রাণ তহবিল থেকে ৪২ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) হাইমচর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় উপকারভোগীদের হাতে এ চেক তুলে দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুন-অর-রশীদ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, “মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের ত্রাণ তহবিল থেকে আপনাদের এই মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। আমাদের ইচ্ছা ছিল এমপি মহোদয়ের উপস্থিতিতেই চেক বিতরণ করা। কিন্তু যাতে উপকারভোগীরা দ্রুত এই সহায়তার অর্থ ব্যবহার করে তাদের জরুরি প্রয়োজন মেটাতে পারেন, সে কারণে তাঁর নির্দেশনা অনুযায়ী আজই চেকগুলো বিতরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও প্রকৃত অসহায় মানুষের কাছে এ ধরনের সহায়তা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাবে।

চেক পেয়ে উপকারভোগীরা সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের বর্তমান আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠিানে উপস্থিত নেতৃবৃন্দও মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।