চাঁদপুরে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শহরে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। সোমবার (১৩ জুলাই) পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান শহরের ওয়ারলেস মোড়ে উপস্থিত থেকে ট্রাফিক কার্যক্রম তদারকি করেন এবং অবৈধভাবে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

একই সময়ে শহরের কালিবাড়ি মোড়ে পৃথক ট্রাফিক অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ লুৎফর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর।

অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী এবং অবৈধভাবে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন), শহর ও যানবাহন শাখার কর্মকর্তারা, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট কমানো এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের বিশেষ ট্রাফিক অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।