স্টাফ রির্পাটার:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে দুই সন্তানের এক মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৩ জুলাই) সকালে শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকায় নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাজমুন নাহার স্বপ্নার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামে। তিনি নজরুল ইসলাম ও ফিরোজা বেগমের কন্যা। পরিবারের চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বড় ভাই মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বপ্না খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। তার ব্যক্তিগত জীবনে একাধিক বৈবাহিক সম্পর্ক ছিল। প্রথম সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। পরবর্তীতে আরও দুটি বৈবাহিক সম্পর্কের তথ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সর্বমোট চার সন্তানের জননী ছিলেন তিনি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাত্র চার দিন আগে তিনি ওই ভবনের একটি দুই কক্ষবিশিষ্ট বাসা ভাড়া নেন। সোমবার সকালে তার দুই শিশুসন্তান নিচে নেমে কান্নাকাটি করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বাসায় গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমশেদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।
বাসার মালিকপক্ষের সদস্য মেহেদী হাসান জানান, চার দিন আগে রাসেল চৌধুরী নামে এক প্রবাসী ব্যক্তি স্বপ্নার জন্য বাসাটি ভাড়া নেন বলে তারা জানতে পারেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


