স্টাফ রিপোর্টার:
চাঁদপুর পৌরসভার প্রশাসকের আদেশে ট্যাক্সিক্যাব স্ট্যান্ডের ইজারা বাতিলের এক মাস পার হলেও শহরের ওয়ারলেস বাজার এলাকায় এখনও অবৈধভাবে স্ট্যান্ড পরিচালনার অভিযোগ উঠেছে। এতে প্রতিদিন যানজট, জনদুর্ভোগ ও সড়ক নিরাপত্তা বিঘ্নিত হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, চাঁদপুর পৌরসভা গত ২১ জুন জারি করা এক স্মারকের মাধ্যমে গাছতলা-ওয়ারলেস ট্যাক্সিক্যাব স্ট্যান্ডের ইজারাদার মো. শাহাবুদ্দিনের ইজারা বাতিল করে। আদেশে উল্লেখ করা হয়, নির্ধারিত স্থানের পরিবর্তে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে যানবাহন রেখে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করায় তিনি ইজারার শর্ত ভঙ্গ করেছেন। কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের আলোকে ইজারা বাতিল করা হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, ইজারা বাতিল হলেও বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। প্রতিদিন ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত এবং রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত ওয়ারলেস বাজার এলাকায় সড়কের পাশে ট্যাক্সিক্যাব দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে।
স্থানীয় সূত্রের দাবি, বর্তমানে নয়ন ও সুমন নামে দুই ব্যক্তি স্ট্যান্ডটি নিয়ন্ত্রণ করছেন। তাদের তত্ত্বাবধানে সড়কের পাশে অবৈধভাবে যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, অবৈধ স্ট্যান্ডের কারণে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। তাদের প্রশ্ন, পৌর প্রশাসন ইজারা বাতিল করার পরও কীভাবে প্রকাশ্যে একই কার্যক্রম চলতে পারে?
এলাকাবাসীর মতে, প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করা হলে এভাবে অবৈধ স্ট্যান্ড পরিচালনার সুযোগ থাকত না। ফলে ইজারা বাতিলের আদেশ বাস্তবায়ন এবং প্রশাসনিক তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে অভিযুক্ত নয়ন ও সুমনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চাঁদপুর পৌরসভার প্রশাসক এরশাদ উদ্দিন বলেন, “এই অভিযোগ আমার কাছেও এসেছে। অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট দিয়ে দুই দিন অভিযান চালিয়েছি। কিন্তু তখন কাউকে পাওয়া যায়নি। খুব ভোরে নাকি এ কার্যক্রম পরিচালিত হয়। বিষয়টি পুলিশ সুপার, সার্কেল এএসপি ও ট্রাফিক ইন্সপেক্টরকে একাধিকবার জানিয়েছি। পৌরসভার পক্ষ থেকেও পুনরায় অভিযান পরিচালনা করা হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত ওয়ারলেস বাজার এলাকা থেকে অবৈধ ট্যাক্সিক্যাব স্ট্যান্ড উচ্ছেদ এবং পৌরসভার ইজারা বাতিলের আদেশ কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, এতে যানজট কমবে, জনদুর্ভোগ লাঘব হবে এবং শহরের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে।


