শাহরাস্তিতে নতুন মসজিদে প্রথম জুমা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘুঘুশাল মধ্যপাড়া জামে মসজিদের নবনির্মিত ভবনে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুমার নামাজের উদ্বোধন করেন শাহরাস্তি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. আক্তার হোসেন পাটোয়ারী।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আক্তার হোসেন পাটোয়ারী স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি।” বর্তমানে শাহরাস্তি পৌরসভাসহ বিভিন্ন এলাকায় যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের বিষয়ে জাতীয় সংসদে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।

আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থাকতে চান। জনগণের সেবা করার সুযোগ পেতে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগের সাবেক কর্মকর্তা মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক প্রফেসর আক্তার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বিএসসি ও মো. শফিউল্লাহ বাচ্চু, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, মো. মামুন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ঘুঘুশাল মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. মনির হোসাইন।