শাহরাস্তিতে হাফেজিয়া মাদ্রাসায় বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তিতে হযরত পীর শাহরাস্তি বোগদাদী (র.) হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়েছে। মরহুম আব্দুল খালেক পাটোয়ারী ও মরহুমা ফিরোজা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এ মানবিক সহায়তা দেওয়া হয়।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় হযরত শাহরাস্তি (র.) মাজার শরীফ সংলগ্ন এতিমখানা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফিল্টার হস্তান্তর করা হয়। কোরআনের হাফেজ ও এতিম শিক্ষার্থীদের নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

ফিল্টার বিতরণ শেষে মরহুম আব্দুল খালেক পাটোয়ারী, মরহুমা ফিরোজা বেগম, মরহুমা মঞ্জুমা আক্তার বেবিসহ পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুল খালেক পাটোয়ারী ও মরহুমা ফিরোজা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইমাম হাসান সুমন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সৈয়দ জিলান মিয়া, সাধারণ সম্পাদক মো. সেকান্তর, কোষাধ্যক্ষ আবদুল নূর সোবহান, সদস্য এহতেশামুল হক সজিব, শাহরাস্তি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।