স্টাফ রিপোর্টার:
জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারের খোঁজখবর নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তি, চাঁদপুর জেলা যৌথভাবে শহিদ মো. ফরিদ আহমেদ ছৈয়াল ও শহিদ আব্দুর রহমান দেওয়ানের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
শুক্রবার (১৭ জুলাই) সংগঠনের নেতাকর্মীরা প্রথমে শহিদদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে শহিদদের নিজ নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন।
এ সময় জাতীয় ছাত্রশক্তি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক শিহাব মির্জা এবং মিডিয়া সেলের সহ-সম্পাদক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জাতীয় যুবশক্তির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাসেল মাহমুদ, শামসুদ্দিন খন্দকার রানা ও রিফাত আহমেদ। এছাড়াও জুলাই অভ্যুত্থানে চাঁদপুরের সম্মুখসারীর সহযোদ্ধা তামিমুল গাজীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ আগামী প্রজন্মকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে।
তারা আরও বলেন, শহিদ পরিবারের পাশে থাকা, তাদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় এবং তাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে এবং তাদের কল্যাণে কাজ করে যাবে।


