স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল বাবুর বাজারে ইভটিজিংয়ের প্রতিবাদকে কেন্দ্র করে একটি ভ্যারাইটিজ দোকানে হামলা, ভাঙচুর, মারধর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দোকান মালিক মো. জিয়া উদ্দিন। একই সঙ্গে তিনি মতলব উত্তর থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (১৮ জুলাই) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে জিয়া উদ্দিন জানান, শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ষাটনল লঞ্চঘাট এলাকায় তামিম নামে এক যুবক তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে কয়েকজন যুবক তাকে উদ্দেশ্য করে কটূক্তি ও ইভটিজিং করে। এ সময় তামিম, শেখ ফরিদ ও লিমন এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে তামিমকে মারধরের চেষ্টা করা হলে তিনি দৌড়ে এসে জিয়া উদ্দিনের ‘ভাই ভাই স্টোর’ নামের ভ্যারাইটিজ দোকানে আশ্রয় নেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
তিনি আরও অভিযোগ করেন, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বের ঘটনার জের ধরে বাদল সরকার, রফিক সরকারসহ অভিযুক্তরা অজ্ঞাত আরও কয়েকজনকে নিয়ে দোকানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে দোকান মালিক জিয়া উদ্দিন, তার ছেলে ইমন, লিমন, শেখ ফরিদ, ইসমাইল ও তামিমকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে আহত করে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা দোকানের ভেতরে থাকা একটি আরটিআর মোটরসাইকেল এবং বাইরে রাখা আরেকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া দোকানের মালামাল নষ্ট করে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ক্যাশবক্স থেকে বিকাশের টাকা ও বিক্রির নগদ অর্থসহ প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যায়।
জিয়া উদ্দিন আরও দাবি করেন, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় মামলা করলে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দিয়ে যায়। পরে আহতদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগ আনা হয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই-বাছাই করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


