স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। এ সময় বক্তারা প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিআইবির সহকারী পরিচালক ও প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “প্রযুক্তির ব্যবহার হোক সত্যের পক্ষে, গুজবের বিরুদ্ধে।” তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা কেবল কাগজ-কলমের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির কল্যাণে মুহূর্তেই সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনোভাবেই অসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না হয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই গুজবমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, মফস্বলের সাংবাদিকরা উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। তাদের বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানের সুযোগ সৃষ্টি হয়। তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ সাংবাদিকদের পেশাগত উন্নয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট সাফায়াত হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান জামিল এবং পিআইবির সহকারী পরিচালক জিলহাজ উদ্দিন নিপুন।
প্রশিক্ষণে ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার মোট ৩৫ জন সাংবাদিক অংশ নেন। এর মধ্যে ফরিদগঞ্জ প্রেসক্লাবের ২৭ জন এবং হাইমচর প্রেসক্লাবের ৮ জন সাংবাদিক মোবাইল জার্নালিজম, তাৎক্ষণিক লাইভ ব্রডকাস্টিং, ভিডিও সম্পাদনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুন্নবী নোমান, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও নুরুল ইসলাম ফরহাদ, সদস্য সাখাওয়াত হোসেন মিন্টু এবং হাইমচর প্রেসক্লাবের সদস্য শিমুল অধিকারী।
আলোচনা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে পিআইবির প্রশিক্ষণ সনদ তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা বিকাশে এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।


