স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) চাঁদপুর শহরের ওয়াপদা গেইট এলাকা ও প্রেসক্লাব রোডে জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই আনুমানিক ১ হাজার থেকে ১ হাজার ২০০টি এলপিজি সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ট্রেড লাইসেন্সে উল্লেখিত ঠিকানার পরিবর্তে অন্য স্থানে ব্যবসা পরিচালনার অভিযোগে মেসার্স অয়ন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মিষ্টির শিরায় তেলাপোকার বিষ্ঠা পাওয়া, সিগারেটের সঙ্গে খাদ্যপণ্য সংরক্ষণ, প্লাস্টিকের ড্রামে গরম শিরা রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে ওয়ান মিনিট নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযানের অংশ হিসেবে আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে


