মরহুম মাহবুব আনোয়ার বাবলুর স্মরণে জেলা বিএনপির স্মরণসভা ও দোয়া

স্টাফ রির্পোটার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মরহুম মাহবুব আনোয়ার বাবলু ভূঁইয়ার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুর সদরের এমন কোনো মানুষ নেই, যিনি মাহবুব আনোয়ার বাবলু ভাইকে চিনতেন না। তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, মিশুক, সৎ ও জনবান্ধব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতিকে তিনি কখনো ব্যক্তিস্বার্থে ব্যবহার করেননি বরং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। আমরা বাবলু ভাইয়ের মত স্বচ্ছ রাজনীতিবিদ আর পাবো না। তার মতো একজন রাজনীতিবিদ সারা জেলা নয়, মনে হয় দেশেও পাবো না।

তিনি আরও বলেন, বাবলু ভাইয়ের মতো স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আদর্শবান রাজনীতিবিদ আজকের সময়ে বিরল। শুধু চাঁদপুর নয়, আমার বিশ্বাস সারা দেশেও তাঁর মতো রাজনীতিবিদ খুব কমই পাওয়া যাবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর আদর্শকে ধারণ করে আগামী দিনে দলকে আরও শক্তিশালী করব।

দলের নেতাকর্মীদের উদ্দেশে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিটি বার্তা, প্রতিটি নির্দেশনা এবং রাষ্ট্র গঠনের কর্মপরিকল্পনা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হয়ে বিএনপির আদর্শ ও রাজনীতি মানুষের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করাই হবে মরহুম মাহবুব আনোয়ার বাবলুর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।

পৌর বিএনপি সভাপতি আক্তার মাঝির পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোঃ শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আঃ কাদির বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সাদার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউদ্দিন সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

স্মরণসভায় বক্তারা মরহুম মাহবুব আনোয়ার বাবলু ভূঁইয়ার রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।