স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জে মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক (রোভার) শামীম হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ছাত্রজীবনে স্কাউটিং বাস্তবমুখী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে পারলেই এ প্রশিক্ষণের প্রকৃত সার্থকতা অর্জিত হবে। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, সংকট মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, মানবিকতা এবং সেবার মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (মেম্বারশিপ) ডিআরসি আল-মামুন, চাঁদপুর জেলা স্কাউট লিডার মো. ওয়ালীদ খান এবং ফরিদগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক ও গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ।
ক্যাম্প লিডার হিতেশ চন্দ্র শর্মার নেতৃত্বে পরিচালিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সামসুল আমীন এল.টি., শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম পাটওয়ারী, মোফাজ্জল হোসেন, রাজিয়া সুলতানা এবং জাহিদুল ইসলাম ফাহিম।
দুই দিনের এ প্রশিক্ষণ কোর্সে ফরিদগঞ্জ উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২ জন স্কাউট অংশগ্রহণ করছেন। হাতে-কলমে প্রশিক্ষণ, মহড়া ও বাস্তবমুখী কার্যক্রমের মাধ্যমে তারা দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল ও দক্ষতা অর্জন করবেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত ও দক্ষ স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্কাউটদের এ প্রশিক্ষণ দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াতে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


