স্টাফ রির্পোটার:
চাঁদপুরের হাজীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী ও তরুণদের কর্মমুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ফরিদা মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত এ সেমিনারে স্কুল, কলেজ ও মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সেমিনারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা, ইংরেজি ভাষা শিক্ষা, কম্পিউটার জ্ঞান, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধার দিক থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। তবে ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার ঘাটতির কারণে দেশ-বিদেশের কর্মক্ষেত্রে অনেকেই কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক ও কর্মমুখী দক্ষতায় গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে জানানো হয়, ফরিদা মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে নামমাত্র ফিতে প্রায় ৮০ শতাংশ ভর্তুকিতে ইংরেজি, কম্পিউটারসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
ফরিদা মজুমদার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আব্দুল তাহিদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব শিকাগোর গ্র্যাজুয়েট রিসার্চার রেজওয়ানুল ইসলাম ও ডা. মোহাম্মদ মহিবুল আলম রুবেল।
ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন চাঁদপুরের ইংরেজি শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল (এম. কে. স্যার) ও মোহাম্মদ আবুল হাসনাত পলাশ।
এ সময় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, পুরস্কার বিতরণ, বিশেষ দোয়া ও আপ্যায়নের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মামুন হোসেন সাগর ও ফরিদা মজুমদার ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মোহাম্মদ হাসান মাহমুদ রাসেল।


