শাহরাস্তিতে বাবার ঘরে আগুন, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় টাকার জন্য বাবার বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগে মাদকাসক্ত ছেলে মো. মনির হোসেন বাবু (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা এলাকার শামছুল মুহুরীর বাড়ি থেকে মনির হোসেন বাবুকে গ্রেপ্তার করে।

মামলার বাদী ও অভিযুক্তের বাবা আ. মমিন অভিযোগ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, স্ত্রীকে মারধর এবং প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিত। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন হয়নি।

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ জুলাই স্ত্রীর ওপর হামলার ঘটনায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার জের ধরে ২৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মনির হোসেন বাবু তার বাবার বসতঘরে আগুন দেন।

পরিবারের সদস্যরা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্রসহ পুরো বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।