স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নুরুল ইসলাম পাটওয়ারী নিজ এলাকা ৮নং ওয়ার্ড থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এ উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজী হাসান আলী বেপারী বাড়ির তাকওয়া মডেল একাডেমি প্রাঙ্গণে এলাকাবাসী ও স্থানীয় মুরব্বিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, তিনি এ এলাকার সন্তান এবং দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে লক্ষ্মীপুর ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবেন। তবে দলীয় সিদ্ধান্তে অন্য কোনো যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে তাঁর পক্ষেই কাজ করবেন বলেও জানান তিনি।
নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, “আমি দলের সিদ্ধান্তের বাইরে যাব না। তাই সর্বপ্রথম নিজ এলাকার মুরব্বিদের দোয়া নিতে আপনাদের কাছে এসেছি।”
তিনি আরও বলেন, চেয়ারম্যানের দায়িত্ব পেলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। উন্নয়ন ও নাগরিক সেবায় কোনো ধরনের বৈষম্য থাকবে না বলেও তিনি আশ্বাস দেন।
তাকওয়া মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. আবুল বাশারের পরিচালনায় সভায় বক্তব্য দেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. হেদায়েত উল্যাহ হেদু বেপারী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজাহান খান, সহ-সভাপতি আবু তাহের রাঢ়ী, সাবেক ছাত্রনেতা রাজু মাঝি ও ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. শাহাদাত মল্লিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নুরুল ইসলাম পাটওয়ারীর সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং নেতাকর্মীরা তাঁর পক্ষে জনসমর্থন কামনা করেন।


