চাঁদপুরে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

স্টাফ রিপোর্টার:

মহালয়ার বাকি আর ৪২ দিন। এরপর সাত দিন পর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসবকে সামনে রেখে চাঁদপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। পাশাপাশি পূজামণ্ডপগুলোর পরিচালনা কমিটির সদস্যরাও নিচ্ছেন নানা প্রস্তুতি।

মণ্ডপে মণ্ডপে দুর্গাদেবীর প্রতিমার পাশাপাশি তৈরি হচ্ছে মহাদেব, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, অসুর, সিংহ ও মহিষের প্রতিমা। মৃৎশিল্পীরা মাটির অবয়ব ও কারুকাজের মাধ্যমে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার নানা রূপ ও সৌন্দর্য।

বলাখাল চৌধুরী বাড়িতে প্রতিমা তৈরির কারিগর বাবুল পাল জানান, গত কয়েকদিন ধরে পাটের আঁশ, কাদামাটি, খড়, কাঠ, রশি ও বাঁশ দিয়ে প্রতিমাগুলোর কাঠামো তৈরি করা হয়েছে। নিখুঁতভাবে অবয়ব ফুটিয়ে তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন বাকি রয়েছে রংতুলি ও সাজসজ্জার কাজ।

প্রতিমা তৈরির কাজ দেখতে আসা ঐশি দাস বলেন, “গত বছরের তুলনায় বলাখাল চৌধুরী বাড়িতে এবার ব্যতিক্রম কিছু প্রতিমা তৈরি হচ্ছে। এজন্যই দেখতে এসেছি।”

এদিকে চাঁদপুর জেলাজুড়েও দুর্গাপূজাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির পাশাপাশি চলছে সাজসজ্জা ও অন্যান্য আনুষঙ্গিক কাজ।

চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয় বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই সবাই পূজা দেখতে আসুক, প্রতিমা দেখুক এবং আনন্দ করুক।”

স্থানীয়রা জানান, দুর্গাপূজাকে ঘিরে শুধু দর্শনার্থীদের আকর্ষণ নয়, সম্প্রীতির পরিবেশ বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। চাঁদপুরে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও পূজা উদযাপন কমিটি ও প্রশাসনের সমন্বয়ে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা আয়োজনের প্রস্তুতি চলছে।