নাট্যোৎসবের অষ্টম দিনে একক অভিনয়ের ‘পূর্ণজন্ম’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার:

নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে ১০ দিনব্যাপী নাট্যোৎসবের অষ্টম দিন সংগীতানুষ্ঠান, শুভেচ্ছা পর্ব ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অতিবাহিত হয়েছে। এদিন চাঁদপুর শহরে এই প্রথম একক অভিনয়ের নাটক মঞ্চস্থ হয়। সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শুভেচ্ছা পর্বের আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা জাসাসের সদস্যসচিব মোবারক হোসেন শিকদারের সভাপতিত্বে এবং থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, সঞ্চালক আমাকে যেসব বিষয়ে বিশেষায়িত করেছেন, আমি তার যোগ্য কি না জানি না। মহান সৃষ্টিকর্তা যদি আমাকে চাঁদপুরের শিল্প-সংস্কৃতির জন্য কবুল করেন, মেয়র হলে যা কিছু করার প্রয়োজন, আমি তা করব—এ প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের অবগত করতে চাই, আমি মেয়র হওয়ার আগেই শিল্প-সংস্কৃতির জন্য কাজ করছি।

তিনি বলেন, শিল্প-সংস্কৃতির সঙ্গে আমাদের পারিবারিক অবদান আছে। আপনাদের এই সাংস্কৃতিক চর্চা কেন্দ্রটি আমাদের পৈতৃক সম্পদ। তৎকালীন জেলা প্রশাসক ইসমাইল হোসেন আমাদের পরিবারের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে চর্চা কেন্দ্রের জন্য জায়গাটি চেয়ে নেন। যদিও এটি আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছিল, আমাদের মনে যদি সে ধরনের কিছু থাকত, তাহলে ৫ আগস্টের পর আমরা চাইলে এই জায়গাটি পুনরুদ্ধার করে নিতে পারতাম। কিন্তু আমি তা করিনি। কারণ আমি চাই শিল্প-সংস্কৃতির বিকাশ হোক।

আক্তার হোসেন মাঝি আরও বলেন, আমার বাবা তরপুরচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমরা দেখেছি, আমার বাবা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা এসেছি।

নজরুল বর্ষ উপলক্ষে নাট্যোৎসব আয়োজন করায় থিয়েটার ফোরামকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কবি নজরুল ইসলাম এমন একজন কবি ছিলেন, যিনি ইসলামী গান লিখেছেন। এমন গান আর কোনো কবি লিখতে পারেননি। শ্যামাসংগীত অনেকে লিখেছেন, কিন্তু কবি নজরুলের মতো কেউ লিখতে পারেননি। আজ নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ফোরাম যে নাট্যোৎসবের আয়োজন করেছে, তার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনকে জাগ্রত করেছে।

তিনি বলেন, আগে শীতের মৌসুমে গ্রামাঞ্চলে নাটকের জন্য মহড়া দিতে দেখতাম। এখন কিন্তু তা দেখা যায় না। কেন দেখা যায় না, তা আপনারা খতিয়ে দেখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. জসীম উদ্দিন ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী এবং শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক মো. কামাল হোসেন। প্রধান অতিথি আক্তার হোসেন মাঝির হাত থেকে তারা সংবর্ধনার ক্রেস্ট গ্রহণ করেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় স্বদেশ ও বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
সবশেষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্য সংগঠন পুরানবাজার অনুপম নাট্যগোষ্ঠীর পরিবেশনায় জমীম মেহেদীর রচনা ও নির্দেশনায় ‘পূর্ণজন্ম’ নাটক মঞ্চস্থ হয়। নাটকটিতে এককভাবে অভিনয় করেন গোবিন্দ মন্ডল। চাঁদপুর শহরে প্রথমবারের মতো একক অভিনয়ের এই নাটক মঞ্চস্থ হওয়ায় দর্শকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ।

‘পূর্ণজন্ম’ নাটকের মূলকথায় ঘুণে ধরা সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে। অন্যায়, নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিক মূল্যবোধের অবক্ষয় কীভাবে প্রতিনিয়ত মানুষকে ক্ষতবিক্ষত করছে এবং নেশার আগ্রাসী ভূমিকা কীভাবে সমাজকে গ্রাস করছে-নাটকটিতে সেই অন্ধকার বাস্তবতাই দর্শকের সামনে তুলে ধরা হয়েছে।