স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মেহের ডিগ্রি কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি নিয়ে তারা মাঠে ছিলেন এবং থাকবেন।
তিনি বলেন, “দিশেহারা জাতির হাল ধরেছিলেন জিয়াউর রহমান। আওয়ামী লীগ ১৭ বছর দেশকে শোষণ করেছে। বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি রাজপথ উত্তপ্ত করতে চায়।”
ইঞ্জিনিয়ার মমিনুল হক আরও বলেন, “পালিয়ে যাওয়া নেত্রীর আসার কথা বলে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে। মনে রাখবেন, ২০ কোটি লোককে দাবিয়ে রাখার ক্ষমতা দিল্লির নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবো। শান্তির প্রত্যাশা নিয়ে এ জনপদে এসেছি, অশান্ত করতে দেবো না। অস্তিত্বের ওপর আঘাত এলে ছেড়ে দেবো না।”
তিনি বলেন, শাহরাস্তির মানুষের জন্য অনেক উন্নয়ন করা হবে, তবে এজন্য সময় দিতে হবে। দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি সরকারের প্রতি জনগণকে আস্থা রাখার আহ্বান জানান। পাশাপাশি কেউ যেন বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে আশ্বস্ত করেন তিনি।
শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সেলিমুস সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


