স্টাফ রিপোর্টার:
গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনা ও নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলায় সম্পৃক্ত করতে কচুয়া উপজেলা জাতীয় আন্তঃক্রীড়া প্রতিযোগিতা সাঁতার খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অমিত রায়। আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান, সিনিয়র উপজেলা সহকারী মৎস্য অফিসার জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল রানা,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম মৃধাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, আধুনিকতার যুগে গ্রামীণ খেলাধুলার জায়গা দখল করেছে মোবাইল ফোন। এতে বর্তমান প্রজন্মের বড় একটি অংশ মোবাইলে আসক্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই।


