স্টাফ রিপোর্টার
চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মান্নান মাঝি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ৭টি মামলার আসামি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে হাইমচর উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর এলাকার কালাচৌকিদার মোড় থেকে আলগী বাজারগামী বেড়িবাঁধের মুখসংলগ্ন দোলা স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মান্নান মাঝি হাইমচর উপজেলার উত্তর আলগী (মাঝি বাড়ি) এলাকার মোতালেব মাঝির ছেলে। তার কাছ থেকে ৩০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় থানার পিএসআই (নিঃ) সৌরভ দাশের নেতৃত্বে এএসআই (নিঃ) আবু হানিফসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মান্নান মাঝিকে তল্লাশি করা হলে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাইমচর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-৩, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২২৯, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি রাত ১২টা ৫০ মিনিটে রুজু করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মান্নান মাঝির বিরুদ্ধে চুরি ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে। ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে থানা পুলিশ।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা বলেন, “মাদক নির্মূলে হাইমচর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


