স্টাফ রিপোর্টার:
মতলব দক্ষিণে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ ও ৬ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নির্দেশক্রমে এসব অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর দুপুরে থানার এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মতলব পৌরসভার মোবারকদী গ্রামের জলিল মোল্লার বাড়ির সামনে সড়ক থেকে ইয়াবাসহ হাসেম সওদাগর (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেন। তিনি মোবারকদী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া থানায় তার বিরুদ্ধে পূর্বের মামলাও রয়েছে।
একই দিন উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে মোবারকদী এলাকা থেকে মাদকসহ মো. কাউসার (২৩) ও চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী গ্রামের রবিন আখন্দ (১৮)কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে, গত ৬ সেপ্টেম্বর এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্সসহ পৈলপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলা নং-১০৩/২০ (সাজা) মূলে ৬ মাসের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি পৈলপাড়া (যোগী বাড়ি) এলাকার মো. জাহিদকে আটক করেন।
অপরদিকে, এসআই ইমতিয়াজ কবীর সঙ্গীয় ফোর্সসহ খর্গপুর এলাকায় অভিযান চালিয়ে পারিবারিক মামলা নং-৪২৪/২০২৫-এর আসামি মো. কাউছার (৩৯)কে গ্রেফতার করেন। একই সময় এএসআই শিমুল চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ নারী ও শিশু নির্যাতন মামলা নং-৩১১/২১-এর আসামি পাঁচদোনা (নায়েরগাঁও) এলাকার মো. বোরহানকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান চলছে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।


