স্টাফ রিপোর্টার
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সাক্ষরতা বলতে শুধু স্বাক্ষর করাকে যেন আমরা না বুঝি—এই ধারণাটি আমাদের সবার মধ্যে পরিষ্কারভাবে থাকা দরকার। সাক্ষরতার প্রকৃত অর্থ হলো একজন মানুষকে পড়তে, লিখতে ও প্রয়োজনীয় বিষয় বুঝতে সক্ষম করে তোলা।
তিনি বলেন, শিক্ষা ও সাক্ষরতার মাধ্যমে মানুষের সচেতনতা বাড়ে। মানুষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে পারে এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবীর।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবীবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন এবং হিন্দুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। নিরক্ষরতা দূরীকরণ ও সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


