স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি ও তিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর মধ্যরাতে এসআই শুভজিৎ পাল সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে দক্ষিণ নওগাঁও গ্রামের হাজী মার্কেট এলাকায় অভিযান চালান। এ সময় শাহাজালাল মোল্লার ফার্নিচারের দোকানের সামনে থেকে দক্ষিণ নওগাঁও (বকাউল বাড়ি) এলাকার মো. জামাল হোসেন বকাউল (৪৫)কে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ মামলা করা হয়।
একই দিন রাত আড়াইটার দিকে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চিরায়ু গ্রামের পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানের সামনে অভিযান চালিয়ে তালুকদার বাড়ির মো. ওমর ফারুক তালুকদার (৪৬)কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, ওমর ফারুক তালুকদারের নামে ছয়টি মামলা রয়েছে।
এদিকে এএসআই একেএম মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৈলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেন। তারা হলেন—জিআর-৪৯/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত পৈলপাড়া (বকাউল বাড়ি) এলাকার মো. ইমরান নুর (৩২), জিআর-১৪১/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত খর্গপুর গ্রামের মহসিন সৈয়াল (২৬) এবং সিআর-১১৩/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত শিবপুর গ্রামের মো.শাহাদত শাহ (২৯)। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, গত দুই দিনের অভিযানে দুই মাদক কারবারি ও তিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জিরো টলারেন্স নীতিতে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।


