স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার উদ্যোগে পুরান বাজারে পুনর্নির্মিত আধুনিক পৌর দাতব্য চিকিৎসালয়ের নবায়িত ভবন ও নবোদ্যমে চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পর পৌর দাতব্য চিকিৎসালয়ে নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হবে।
চাঁদপুর পৌরসভা পরিচালিত এ চিকিৎসালয়ে রোগীদের জন্য মাত্র ৫ টাকা টিকিটমূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কথা জানানো হয়েছে। পৌরসভা কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমবিবিএস ডিগ্রিধারী অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হবে।
এছাড়া রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। প্রতি রবিবার শিশুদের রুটিন ইপিআই টিকাও প্রদান করা হবে।
চিকিৎসাসেবা নিতে হলে রোগীকে চাঁদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। এজন্য জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ অথবা টিকা কার্ডের যেকোনো একটি প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।
পৌর দাতব্য চিকিৎসালয়ে রোগী দেখার সময় নির্ধারণ করা হয়েছে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, স্বল্পমূল্যে চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ এবং শিশুদের টিকাদানের সুবিধার মাধ্যমে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


