ধ-র্ষ-ণের ভিডিও ছড়ানোর অভিযোগে, চা দোকানিকে গণপিটুনি

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোবারক হোসেন সরদার (৫২) ওই এলাকায় চা-বিস্কুট ও রুটির দোকান পরিচালনা করেন। তিনি ভুক্তভোগী কিশোরীর আত্মীয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে কিশোরীকে নিজের বসতঘরে ডেকে নেন। সে সময় ঘরে পরিবারের অন্য কেউ ছিলেন না বলে অভিযোগ। সেখানে কিশোরীকে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তিনি। ঘটনাটি কাউকে জানালে পরিণতি ভালো হবে না বলে কিশোরীকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তিন-চার দিন আগে ওই ভিডিও ছড়িয়ে দিলে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে স্থানীয়ভাবে সালিস বসে। সেখানে মোবারক উপস্থিত না থাকলেও তাঁর পক্ষের কয়েকজন উপস্থিত ছিলেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।

শুক্রবার সকাল ১০টার দিকে মোবারক কিশোরী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে মারধর করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ঘটনার কারণে তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নঈমুল ইসলাম রাজিব বলেন, আহত মোবারকের মাথা ও শরীরে জখম রয়েছে। তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শুক্রবার দুপুরে মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।