হাজীগঞ্জে ইয়াবাসহ বাবা-ছেলে আটক

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: হাজীগঞ্জ উপজেলার পশ্চিম রাজারগাঁও গ্রামের খান বাড়ির মো. কাউছার খান (৪৩) ও তার ছেলে মোঃ পারভেজ খান (২৫)। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে পশ্চিম রাজারগাঁও গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি আভিযানিক দল পশ্চিম রাজারগাঁও গ্রামের খান বাড়িতে আসামিদের বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় ওই কক্ষে তল্লাশি চালিয়ে দুটি পৃথক পলিপ্যাকে রাখা মোট ২ গ্রাম ওজনের ২০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উদ্ধার করা ইয়াবাসহ আটক বাবা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় প্রসিকিউশন দাখিল করেন।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।