ইউনিয়নভিত্তিক মাদকমুক্ত করা হবে হাজীগঞ্জ

স্টাফ রিপোর্টার

হাজীগঞ্জের ৬নং বড়কুল ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন গঠনের কার্যক্রম শুরুর ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনের প্রস্তাবে উক্ত কার্যক্রম সফল করার দায়িত্ব নেন ৬নং বড়কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা সভায় থেকে উক্ত সিদ্ধান্ত আসে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নকে উক্ত কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান ইউএনওসহ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী।

সকাল ১০টায় উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম পাটোয়ারী বলেন, মাদকের বিষয়ে এমপি মহোদয়সহ আমরা বিএনপি জিরো টলারেন্সে থাকবো। আমাদের দলীয় কেউ মাদকের সাথে জড়িত থাকলে আমরা তাকে কমিটিতে রাখবো না আর কাউকে নতুন করে দায়িত্ব দেবো না। কোন মাদক বিক্রেতা বা সেবনকারীর বিরুদ্ধে পুলিশ স্বচ্ছভাবে কাজ করুক আমরা এ বিষয়ে কোন কিছু মাথা ঘামাবো না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ তানভীর হাসান একটি ঘটনার বিবরণ দিয়ে বলেন, ফার্মেসিগুলোকে সতর্ক করতে হবে তারা যেন নিবন্ধিত চিকিৎসকের চিকিৎসাপত্র ছাড়া এ জাতীয় কোন ঔষধ বিক্রি না করে।

উপজেলার ৬নং বড়কুল ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, এমপি মহোদয়ের বাড়ি আমার ইউনিয়নে। এমপি মহোদয়ের সম্মানার্থে আমি আমার ইউনিয়নকে মাদকমুক্ত করার কাজ শুরু করবো আর সহসায় পুরো ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটোয়ারী, অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু। উপজেলায় কর্মরত সরকারি দফতরের কর্মকর্তা ও ১২টি ইউনিয়নের ১১ জন চেয়ারম্যান।