শুরু হলো ইউপি নির্বাচনে আগ্রহী বিএনপি নেতাকর্মীদের তথ্য সংগ্রহ

স্টাফ রিপোর্টার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ও অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে চাঁদপুর সদর উপজেলা বিএনপি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

তিনি বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দিকনির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনে আগ্রহী নেতাকর্মীদের নাম, রাজনৈতিক পরিচয় ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আগামী ৭ দিনের মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শাহজালাল মিশন জানান, সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসমর্থন ও সাংগঠনিক অবস্থান পর্যালোচনা করা হবে। পরবর্তীতে দলীয়ভাবে যোগ্য প্রার্থীদের সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে জানানো হয়, বর্তমান নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকে কোনো প্রার্থী দেওয়া হবে না। তবে দলের পক্ষ থেকে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমর্থন দেওয়া হতে পারে।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ডালির পরিচালনায় অনুষ্ঠিত সভায় সদর উপজেলা বিএনপি ও ১৪টি ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।