বিষ্ণুদীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

‘মাদক ছাড়ব, খেলাধুলায় আসক্ত হব’—এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর শহরের বিষ্ণুদীতে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শহরের বিষ্ণুদী রোডে জহিরের দোকানসংলগ্ন বালুর মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ৯ নম্বর ওয়ার্ডের মো. কাউছার আলমের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে শফিউদ্দিন আহমেদ বাবলু বলেন, মাদক সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ ক্ষতিকর। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। প্রতিটি সন্তান যেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশ নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে পারলে অপরাধ প্রবণতা কমিয়ে আনা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির বন্ধুকসি বলেন, এলাকায় মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকের সঙ্গে জড়িতদের প্রতিহত করতে হবে। খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে হবে।

এ সময় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন শেখ জিলানী, সদর থানা বিএনপির সহপ্রচার সম্পাদক জয়নাল মাতব্বর, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়াজি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ কাউসারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বিষ্ণুদী জুনিয়র স্পোর্টিং ক্লাব ও একতা স্পোর্টিং ক্লাব অংশ নেয়। নির্ধারিত খেলায় সমতা থাকায় টাইব্রেকারে একতা স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ফারুক ঢালী, ইব্রাহিম খলিল মুন্না, আবুল বাশার টিটু, ভাগিনা পারভেজসহ এলাকার যুব সমাজের সদস্যরা।