পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, প্রবাসী নারীর টাকা-স্বর্ণালংকার নিয়ে আটক

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক দুবাই প্রবাসী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে মুনসুর আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগেও পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে মুনসুর আলীর সঙ্গে পরিচয় হয় ওই প্রবাসী নারীর। এ সময় মুনসুর নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁর ছেলেকে খুঁজে দেওয়ার আশ্বাস দেন। পরে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

ওই নারীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে মুনসুর তাঁকে বিভিন্ন সময় হোটেলের কক্ষে, লঞ্চের কেবিনে ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে যান। পরে বিয়ের জন্য বাসা ভাড়া ও আসবাবপত্র কেনার কথা বলে তাঁর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নেন। এ ছাড়া প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন ওই নারী।

অভিযোগ পাওয়ার পর মুনসুরকে আটক করতে কৌশল অবলম্বন করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। পরে ওই নারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বিয়ের প্রস্তাব দেন মুনসুর। পুলিশের পরিকল্পনা অনুযায়ী তাঁকে চাঁদপুর সেতুর কাছে আসতে বলা হয়। সেখানে কৌশলে অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই গাজী কালামসহ পুলিশের একটি দল তাঁকে আটক করে।

আটক মুনসুর আলী চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলতান মিজির ছেলে।

পুলিশের দাবি, মুনসুর এর আগেও নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আগের কোনো অভিযোগ বা মামলার তথ্য রয়েছে কি না, তা যাচাই করছে পুলিশ।