স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মো. জহিরুল ইসলাম শাওন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পৌরসভার ৪নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম শাওন হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকার কাশেম গাজী বাড়ির হাজী হাবিব উল্যা মোক্তার ও রহিমা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাতে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ সংলগ্ন দায় বাড়ির রফিকের ঘরের সামনে থেকে শাওনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় এসআই নুরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় একটি মামলা করেছেন। মামলাটির নম্বর ১৮, তারিখ ১২ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার শাওনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


