স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) এ কে এম ইউনুছ, এসআই (নিঃ) নুর আলম, এএসআই (নিঃ) ইমরান হোসেন এবং সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন মকিমাবাদ ৫ নম্বর পৌর ওয়ার্ডের ডিগ্রি কলেজ রোড সংলগ্ন সিরাজ লন্ডনী বাড়ির ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। অভিযানে সেখান থেকে ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, বাবুল মজুমদার (৫৬), পিতা- মৃত বিনয় মজুমদার,বাঁধন সাহা (২৬), পিতা- বিশ্বনাথ সাহা, কিংশুক দেব (২৬), পিতা- রনজিত কুমার দেব।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকার মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় হাজীগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং- ২০, তারিখ: ১৩/১০/২০২৬ খ্রি.) দায়ের করেছে।
হাজীগঞ্জ থানার ওসি মো. কাওসার আলম ভূঁইয়া জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


